Home আন্তর্জাতিক ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম এবং সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য হিসেবে তিনি ইরানের যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের এই পরিচালক লিখেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনও আসন্ন হুমকি ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে জোসেফ কেন্ট বলেছেন, ‌‌‘‘বিবেকবোধের তাড়নায় আমি ইরানের ওপর চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনও হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট, আমরা কেবল ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপে এই যুদ্ধ শুরু করেছি।’’

যুদ্ধবিষয়ক কিছু বিশেষজ্ঞ বলেছেন, বর্তমান আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধ শুরু করার জন্য প্রতিপক্ষের পক্ষ থেকে ‘আসন্ন হুমকি’ থাকা আবশ্যক।

তবে জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগের এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন। কেন্ট ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যাবার্ড আড়ালে রয়েছেন।

তিন সপ্তাহে পা রাখা এই যুদ্ধের বিষয়ে তুলশি গ্যাবার্ডও এখন পর্যন্ত জনসমক্ষে কোনও বিবৃতি দেননি। চলতি মাসের শুরুর দিকে ইরানের সঙ্গে লড়াইয়ে নিহত মার্কিন সৈন্যদের মরদেহ হস্তান্তরের সময় ছাড়া তাকে আর কোথাও দেখা যায়নি।

Exit mobile version