অনলাইন ডেস্ক : ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী এবার ইসরায়েলে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটাই প্রথম হামলার দাবি নিশ্চিত করল এই সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার (২৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হুথি বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, আজ তারা সংবেদনশীল ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার জবাবে এই হামলা করেছে তারা। তারা আরও বলেছে, সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে লিখেছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, হুমকি আটকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
এর কমপক্ষে ১৫ মিনিটেরও কম সময় পর আইডিএফ দেশজুড়ে মানুষকে সুরক্ষা আশ্রয় ছেড়ে বের হওয়া নিরাপদ বলে ঘোষণা করে।
এর আগে হুথিদের একজন মুখপাত্র বলেছিলেন, ইরানে হামলা অব্যাহত থাকলে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নেবে।
তার বিবৃতিতে বলা হয়, ইরান, ফিলিস্তিন ও গাজা, ইরাক এবং লেবাননের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে এই অবস্থান নেওয়া হয়েছে।






