Home আন্তর্জাতিক তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৬২ জনের মৃত্যু, ধেয়ে আসছে আরেক সাইক্লোন

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৬২ জনের মৃত্যু, ধেয়ে আসছে আরেক সাইক্লোন

অনলাইন ডেস্ক : ২৬ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিনের প্রলয়ংকরী তুষারঝড়ের তাণ্ডব কাটতে না কাটতেই ফ্লোরিডাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্টেট হয়ে নিউইয়র্ক এবং নিউইংল্যান্ড এলাকা তথা উত্তর-পূর্বাঞ্চলীয় স্টেটসমূহে আরও একটি ভয়ংকর শীতল ঝড় ধেয়ে আসছে। সৃষ্ট এই ‘বোম্ব সাইক্লোন’ আগামী ১ ফেব্রুয়ারি, হামলে পড়বে এবং ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে।

এই ঝড়ের তাণ্ডব পরদিন সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়াবিদরা উল্লেখ করেছেন, হিমাঙ্কের ১৯ ডিগ্রি নিচে অসহনীয় তাপমাত্রা চলার মধ্যেই আরেকটি ভয়ংকর তুষারঝড়ের পূর্বাভাস ২২ কোটির অধিক মানুষকে বিচলিত করেছে। ঝড়টি ফ্লোরিডা থেকে টেক্সাস-আলাবামা-টেনেসি-ভার্জিনিয়া-ক্যারলিনা-ওয়াশিংটন ডিসি-পেনসিলভেনিয়া-নিউজার্সি-নিউইয়র্ক-কানেকটিকাট-ম্যাসাচুসেটস-নিউ হ্যামশায়ার-রোড আইল্যান্ড-মেইন হয়ে কানাডায় পাড়ি দেবে। এ সময় ৩০ মাইল থেকে ৭০ মাইল বেগে তুষারঝড়ের আভাসও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত উইকেন্ডের (২৪-২৬ জানুয়ারি) তুষারঝড়ে ১৫ স্টেটে ৬২ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয় নিউইয়র্ক সিটিতে। অপর স্টেটসমূহ হচ্ছে ইন্ডিয়ানা-৯, লুইজিয়ানা, টেনেসি এবং টেক্সাসে ৮ জন করে, মিসিসিপি ও পেনসিলভেনিয়ায় ৪ জন করে, আরকানসাস ও ম্যাসাচুসেটস স্টেটে ২ জন করে, ক্যানসাস, কেন্টাকি, মিশিগান, নিউজার্সি, ওহাইয়ো এবং সাউথ ক্যারলিনা স্টেটে একজন করে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে তুষারে ঢাকা গাড়ি উদ্ধারের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।

তুষারঝড়ের তাণ্ডবে সর্বমোট ১৯ হাজার ফ্লাইট (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) বিলম্বিত ও বাতিল হয়। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ওই তিন দিনের লাগাতার তুষারঝড়ে ক্ষতির পরিমাণ কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার হবে।

Exit mobile version