Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে বন্দুকহামলা, নিহত ৪

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে বন্দুকহামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলায় ওই দূতাবাসের ২ কর্মীসহ ৪ জন নিহত হয়েছেন। বাকি দু’জন পুলিশ কর্মকর্তা। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণও করেছে হামলাকারীরা।

বুধবার (১৭ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গগলবার দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে হওয়া এই হামলায় অপহৃত এই তিনজনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দু’জন পুলিশ কর্মকর্তা।

আনামব্রা প্রদেশের পুলিশ কর্মকর্তা ইকেঙ্গা তোচুকউ জানান, ‘দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু’জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।’

ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের গাড়িবহরটি ‘ওই এলাকায় পুলিশ বা কোনও নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল’।

অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়ে ইকেঙ্গা আরও বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে মার্কিন কনভয়ের গাড়িতে হামলা হয়েছে। তবে সেখানে কোনও মার্কিন নাগরিক ছিল না এবং তাই কোনও মার্কিন নাগরিক আহত হয়নি।’

Exit mobile version