অনলাইন ডেস্ক : নারী সাংবাদিককে হুমকি দেওয়ায় টি জে ডকলো নামক এক হোয়াইট হাউস মুখপাত্রকে বরখাস্ত করা হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করায় ওই সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। যার জেরে সাতদিনের জন্য বিনা বেতনে বরখাস্ত করা হয়েছে তাকে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের উপ-প্রেস সচিব টি জে ডকলো সম্প্রতি পলিটিকোর রিপোর্টার তারা পামেরিকে হুমকি দেন। পামেরি আরেক সাংবাদিকের সঙ্গে ডকলোর গোপন সম্পর্কের গুঞ্জন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি জানান, ওই ঘটনার পর ডকলো সাংবাদিক পামেরির কাছে ক্ষমা চেয়েছেন। এক টুইটে সাকি লেখেন, ডকলো নিজেই প্রথমে স্বীকার করেছেন যে, তিনি প্রেসিডেন্টের বেঁধে দেওয়া আচরণবিধি অনুসরণ করতে পারেননি।
ক্ষমতা নেওয়ার প্রথম দিনই প্রেসিডেন্ট বাইডেন দৃঢ়ভাবে তার কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, হোয়াইট হাউসের কোনো কর্মী যদি সহকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণ করেন তবে তা কিছুতেই বরদাশত করা হবে না।
বাইডেন আরও বলেছিলেন, ‘আপনি যদি আমার সঙ্গেও কাজ করেন এবং আমি শুনতে পাই, আপনি অন্য সহকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন, তবে অন্য কারো সঙ্গে কথা বলুন। কারণ, আমি তখনই আপনাকে চাকরিচ্যুত করব। আমি কোনো যদি-কিন্তু শুনবো না।”
জেন সাকি টুইটে জানান, অসদাচরণ করায় ডকলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডকলোকে সাময়িক বরখাস্ত করার হলেও অনেকে তাতে সন্তুষ্ট হতে পারেননি। তাদের মতে, প্রেসিডেন্ট বাইডেন এক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছেন।
জেন সাকি জানান, এক সপ্তাহের জন্য বিনা বেতনে বরখাস্ত করা ছাড়াও কাজে ফেরার পর ডকলো আর কখনও পলিটিকোর রিপোর্টারদের সঙ্গে কাজ করতে পারবেন না।






