বিনোদন ডেস্ক : ভারতের ইন্দোরে সিনেমার কাজ করতে গিয়েছিলেন অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি। সঙ্গে ছিলেন প্রযোজক বন্ধু সন্তোষ গুপ্ত। নতুন শহর, যা দেখছিলেন বিভোর হয়ে যাচ্ছিলেন এই অভিনেত্রী। বিশেষত রাস্তার ধারের খাবার দোকানগুলো। কথায় কথায় বন্ধু বলল, এখানকার এক দোকানের ফুচকা ও চাট বিখ্যাত। ব্যস! কাজের ফাঁকে গাড়ি নিয়ে সোজা ফুচকার সন্ধানে।
ফুচকা বিক্রেতার হাত ম্যাজিকের মতো। একটা ফুচকা মুখে দিতে না দিতেই চোখ বুজে আসে কাম্যার। সুস্বাদু ফুচকা যে কতগুলো খেয়েছেন, তার হিসাব নেই। জায়গাটাও ছিল দারুণ সুন্দর। তাই আশপাশের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। হাতে থাকা খামটা কোথায় রেখেছেন সেদিকে আর খেয়াল ছিল না। সেই খামে ছিল ১ লাখ টাকা। এমনটাই জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
খাওয়া শেষে ছবি তুলে যখন হোটেলে ফিরেছেন, তখন কাম্যার মনে পড়ে খামটার কথা। এরপর দুশ্চিন্তায় পড়ে যান তিনি। আর কি পাবেন? আবার অত দূর যাওয়ার মানেই হয় না।
মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে বলতে ইন্দোরের গল্প বলছিলেন অভিনেত্রী। গত রোববার এ ঘটনা ঘটে। কিন্তু টাকা কি ফিরে পেয়েছিলেন?
অভিনেত্রী জানান, সন্তোষ বারবার করে বলায় শেষ দিকে ওই ফুচকার দোকানে ফিরে গিয়েছিলেন তিনি। তবে যা দেখলেন, নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না। ঠিক যেখানে খামটা ফেলে গিয়েছিলেন, সেই টেবিলটার উপরেই পড়েছিল খামটা। কেউ স্পর্শও করেনি।
দোকানের মালিক দীনেশ গুজ্জরের সঙ্গে কথা বলে খামটি নিয়ে আসেন কাম্যা। অভিনেত্রীর কথায়, ‘এত আশ্চর্য হইনি এর আগে। ধন্যবাদ দিলেও তাদের ছোট করা হয়। ইন্দোরের মানুষ এত ভালো এবং উদার আমি সে দিন জানলাম।’
