Home আন্তর্জাতিক ভয়াবহ জেট ফুয়েল সংকটের মুখে ইউরোপ

ভয়াবহ জেট ফুয়েল সংকটের মুখে ইউরোপ

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। এই সংঘাতের প্রভাবে ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ)।

সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো ছয় সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তিনি।

আইইএ প্রধান ফাতিহ বিরোল এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে— যা বৈশ্বিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় তেহরান। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। একই সঙ্গে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী শত্রু দেশের জন্য বন্ধ করে দেয় ইরান। সেই সঙ্গে অন্যদের জন্য এই প্রণালীতে টোল ব্যবস্থা চালু করে ইরানি বাহিনী। এই পদক্ষেপের পর এশিয়াসহ সারাবিশ্বেই জ্বালানি সংকট দেখা দেয়।

সূত্র: আল–জাজিরা

Exit mobile version