Home বিনোদন ভারতে কাজ নিয়ে নতুন বিতর্কে নোরা ফতেহি, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ

ভারতে কাজ নিয়ে নতুন বিতর্কে নোরা ফতেহি, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি আবারও বিতর্কের মুখে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি গানের জেরে তার বিরুদ্ধে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকের কাছে অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।

কেডি: দ্য ডেভিল ছবিতে ব্যবহৃত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। গানের কথা ও নোরার নৃত্যভঙ্গিকে ‘অশালীন’ ও ‘ইঙ্গিতপূর্ণ’ আখ্যা দিয়ে অনেকেই আপত্তি তোলেন। বিতর্কের জেরে ইতোমধ্যে গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সমালোচনার মুখে নোরা ফতেহি এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, প্রায় তিন বছর আগে গানটির কন্নড় সংস্করণের শুটিং হয়েছিল এবং তখন বিষয়বস্তুকে সমস্যাজনক বলে মনে হয়নি। তবে হিন্দি সংস্করণ প্রকাশের পর তিনি নিজেও এর কিছু অংশকে অশালীন বলে মনে করছেন। একই সঙ্গে তার দাবি, এই ঘটনার মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১০ জন আইনজীবীর একটি দল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়, নোরা ফতেহি ভারতে অবস্থান করে এমন কনটেন্টে অংশ নিচ্ছেন ও প্রচার করছেন, যা ‘অশ্লীল’ এবং সমাজের জন্য ক্ষতিকর। তারা অভিযোগে উল্লেখ করেন, এসব কার্যকলাপ নারীসমাজের মর্যাদা ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আইনজীবীরা বিদেশি আইন, ১৯৪৬-এর উল্লেখ করে দাবি করেছেন, বিদেশি নাগরিকদের কর্মকাণ্ড দেশের শালীনতা বা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তাদের আবেদন, ভারতে নোরার কাজ করার অনুমতি বাতিল করা হোক। তবে এ বিষয়ে এখনও নতুন করে কোনও প্রতিক্রিয়া জানাননি নোরা ফতেহি।

Exit mobile version