অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১০ জন ইরানি নার্স নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে। এসব নার্সকে তাদের কর্মস্থলেই হত্যা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের নার্সিং সিস্টেম অর্গানাইজেশনের মহাপরিচালক।
তিনি জানান, এই হত্যাকাণ্ড সত্ত্বেও চিকিৎসা পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চলছে।
এদিকে ইসরায়েল দাবি করেছে, তাদের বিমানবাহিনী ৮০০টির বেশি হামলা চালিয়েছে এবং এসব অভিযানে প্রায় ১৬ হাজার ধরনের বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম মাসে চালানো হামলা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী একটি দীর্ঘ বিবৃতি দিয়েছে।
এতে বলা হয়েছে যে, ‘৮০০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে এবং এতে প্রায় ১৬ হাজার ধরনের গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।
এতে দাবি করা হয়েছে, দুই হাজারের বেশি ইরানি সেনা ও কমান্ডার নিহত হয়েছেন এবং চার হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট এক হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৪০ জন নারী ও ২১২ জন শিশু রয়েছে। নিহতদের মধ্যে একজন আট মাস বয়সী শিশুও ছিল।
সূত্র : আলজাজিরা






