অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন, চুক্তি না করলে ইরানে হামলা শুরু করা হবে। এবার তিনি বলেছেন, ইরানে বোমাবর্ষণের মানসিকতা নিয়ে এগোনোই শ্রেয়।
সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা প্রস্তুত। আমাদের সেনাবাহিনী লড়াইয়ের জন্য মুখিয়ে আছে।’ এর আগে আরেক মার্কিন গণমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ইরানে অনেক বোমাবর্ষণ করা হবে।
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবে না বলেও সিএনবিসিকে বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, হাতে বেশি সময় নেই। যুক্তরাষ্ট্র আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ হতে পারে।
মার্কিন প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে ট্রাম্প এসব কথা বললেন। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখনো আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।
আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে, বুধবার সংলাপ হওয়ার সম্ভাবনা আছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, সবকিছু সামনের দিকে এগোচ্ছে। বুধবার আলোচনা শুরু হওয়ার বিষয়টি সঠিক পথেই আছে। চুক্তি স্বাক্ষরের মতো পরিস্থিতি তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
