Home বিনোদন মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়, পদত্যাগ করলেন ২ বিচারক

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগে তোলপাড়, পদত্যাগ করলেন ২ বিচারক

বিনোদন ডেস্ক : সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম বড় আসর ‘মিস ইউনিভার্স’। থাইল্যান্ডে বসেছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। আর এবার এই প্রতিযোগিতা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার প্রধান বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন, যার মধ্যে একজন সরাসরি প্রতিযোগীদের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় আগামী ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। তার আগে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে। আর তার ঠিক আগে জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ, যিনি আট সদস্যের অফিসিয়াল জুরি বা বিচারকের একজন ছিলেন। ওমর হারফুশ

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে পোস্টে জানান, একটি “হঠাৎ গঠিত গোপন জুরি” নাকি আগেই চূড়ান্ত ৩০ জন ফাইনালিস্ট বেছে ফেলেছে এবং সেই বাছাইয়ের সময় কোনো অফিসিয়াল বিচারকই উপস্থিত ছিলেন না। হারফুশ দাবি করেন, এই গোপন জুরি এমন ব্যক্তিদের নিয়ে গঠিত, যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার ঘোষণা দেন।

এ ঘটনার আগে আরও এক বিতর্কে জড়িয়েছিল মিস ইউনিভার্স। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে, বেশ কয়েকজন প্রতিযোগী সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। ঘটনাটি ভিডিও ভাইরাল হয় এবং ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

অন্যদিকে, বাংলাদেশি প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে দারুণ আলোচনায় আছেন। জনপ্রিয়তার ভোটেও তিনি শীর্ষে পৌঁছে যাওয়ার একদম কাছাকাছি। ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে বুধবার ( ১৯ নভেম্বর) রাত রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেয়া যাবে।

সূত্র: বিবিসি

Exit mobile version