অনলাইন ডেস্ক : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউনিফিল) ওপর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশ।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার বিশেষ দূত উমর হাদির নেতৃত্বে দেশগুলোর রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতিতে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।
সম্প্রতি লেবাননে দায়িত্ব পালনরত অবস্থায় ৩ জন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহতের ঘটনার প্রেক্ষাপটে এই কঠোর বার্তা দেওয়া হলো।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলাগুলোতে ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, নেপাল ও পোল্যান্ডের শান্তিরক্ষীরা আহত হয়েছেন। এই দেশগুলো লেবাননের বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু, অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ১০ লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি বিবৃতিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এদিকে জাতিসংঘের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, গত ২৯ মার্চ একজন শান্তিরক্ষী ট্যাঙ্কের গোলায় নিহত হয়েছেন। এটি ইসরায়েলি হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন, ৩০ মার্চ বিস্ফোরক ডিভাইসের আঘাতে আরও ২ জন শান্তিরক্ষী প্রাণ হারান।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো জোর দিয়ে বলেছে, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
লেবাননে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।






