অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার জেরে স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’। এই সংকটের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সস্তা তেল কিনতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন প্রতিযোগিতা।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। সম্প্রতি মার্কিন নৌ-অবরোধ এবং ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে এই পথ দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল দেশগুলো এখন বিকল্প উৎসের সন্ধানে মরিয়া।

সিএনবিসি-র প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ভারত ও চীন উভয়েই রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ তেল আমদানির চেষ্টা করছে। দুই দেশই এখন রাশিয়ার তেলের প্রধান গ্রাহক হয়ে উঠেছে। বর্তমানে ভারত ও চীন প্রায় সমান তালে রাশিয়ান তেল সংগ্রহ করছে, তবে সৌদি আরব তেল সরবরাহের ক্ষেত্রে ভারতের চেয়ে চীনকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।

হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হু হু করে বাড়ছে। বৃহস্পতিবার এক দিনেই তেলের দাম প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই পথটি দ্রুত সচল না হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে।

ভারত তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ভারতের জন্য দ্বিমুখী চাপ সৃষ্টি করেছে। একদিকে তেলের আকাশচুম্বী দাম, অন্যদিকে সরবরাহের অনিশ্চয়তা—সব মিলিয়ে ভারতের অর্থনীতি এক কঠিন চ্যালেঞ্জের মুখে।