বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ও আন্তর্জাতিক মাত্রার অধ্যায়। তার অভিনীত আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’–এ বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছেন বিশ্বখ্যাত মার্কিন তারকা জেনিফার লোপেজ। তবে তিনি সিনেমাটিতে অভিনয় করছেন না; বরং একটি গুরুত্বপূর্ণ থিম সং বা অ্যান্থেমে কণ্ঠ দেবেন এই গায়িকা-অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘হোয়াইট’ মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। জেনিফার লোপেজ যে গানটি গাইবেন, সেটি ইংরেজি ও স্প্যানিশ ভাষার সংমিশ্রণে তৈরি হবে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি—দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নির্মাতাদের ধারণা, জেনিফার লোপেজের এই সংযুক্তি সিনেমাটিকে বৈশ্বিক দর্শকের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমার শুটিং অনেক আগেই শুরু হয়েছে এবং দক্ষিণ আমেরিকায় ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

ইংরেজি ও স্প্যানিশ ভাষার পাশাপাশি সিনেমাটি পরবর্তীতে আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্ত ম্যাসির এই নতুন প্রজেক্ট ঘিরে দর্শক ও সিনেমা অনুরাগীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও কৌতূহল।