অনলাইন ডেস্ক : লটারির টিকিট তো অনেকেই জেতে। তবে এবার আমেরিকার ভার্জিনিয়ার এক বাসিন্দা সেই লটারির টিকিট নিয়েই তুলকালাম বাধিয়ে দিয়েছেন। এই ভদ্রলোকের কীর্তিটা এতই অদ্ভুত যে, তা যে কোনো লটারি জেতার ঘটনাকে হার মানিয়ে দেবে। তিনি একই দিনে একই লটারির ২০টি টিকিট কেটে সব ক’টিতেই জয়ী হয়েছেন!
ভার্জিনিয়ার বাসিন্দা উইলিয়াম নিওয়েল সম্প্রতি ‘ভার্জিনিয়া লটারি’র ২০টি টিকিট কেনেন। এরপর ফল প্রকাশের সময় দেখা যায়, সব টিকিটেই পুরস্কার জিতেছেন তিনি। সব মিলিয়ে পেয়েছেন ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে আট লাখ টাকার বেশি।
কীভাবে কী হলো তা এখনো যেন ভেবে উঠতে পারছেন না ওই যুবক। তবে এর আগে বারবার লটারির টিকিট কাটলেও এবারের ব্যাপারটা একটা জায়গায় আলাদা ছিল। আসলে বাড়ির কাছের একটি দোকান থেকেই এতকাল লটারির টিকিট কেটে এসেছেন তিনি। কেবল এবারই নিয়মে বদল করেছিলেন। গত ২৩ অক্টোবর জীবনে প্রথমবার বাড়িতে বসে অনলাইনেই লটারির টিকিট কেটেছিলেন উইলিয়াম। আর তাতেই খুলে গেছে কপাল। কুড়িতে কুড়ি করে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি।
তবে এমন বিচিত্র ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। বছরখানেক আগে এমন ঘটনাই ঘটেছিল আরও এক ব্যক্তির সঙ্গে। আশ্চর্যজনকভাবে তিনিও ভার্জিনিয়ারই বাসিন্দা। তিনি অবশ্য ২০টি নয়, একেবারে ২৫টি টিকিট কেটেছিলেন। আর সেই সব ক’টি টিকিটেই বাজিমাত করে তাক লাগিয়ে দিয়েছিলেন।






