Home আন্তর্জাতিক অপহরণের ২১ বছর পরে পরিবারের সঙ্গে পুনর্মিলন চীনা যুবকের!

অপহরণের ২১ বছর পরে পরিবারের সঙ্গে পুনর্মিলন চীনা যুবকের!

অনলাইন ডেস্ক : ছোটবেলায় অপহৃত হওয়ার ২১ বছর পরে নিজের আসল বাবা-মাকে ফিরে পেয়েছেন এক যুবক। এমন যে হতে পারে তা কোনও দিনই ভাবতে পারেননি ওই যুবক। সব কিছুই তার কাছে স্বপ্নের মতো লেগেছে। তবে নিজের আসল বাবা-মাকে ফিরে পেয়ে দারুণ খুশি পেং কংকং।

পেং-এর বয়স যখন মাত্র ৪ বছর তখন তাকে অপহরণ করা হয়েছিল। নিজের বাড়ি থেকে অনেক দূরে একটি বাড়িতে বড় হয়ে ওঠেন তিনি। এত দিন পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিজের বাবা-মাকে ফিরে পেয়েছেন তিনি। তার পরেই যে পরিবারে তিনি বেড়ে উঠেছেন তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে নিজের বাবা-মায়ের কাছে ফিরে আসেন পেং। এ তার ‘নতুনজন্ম’ বলেও উল্লেখ করেছেন পেং।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, পেংয়ের আসল বাড়ি দক্ষিণ চীনের জিয়াংসি প্রদেশে। তবে তার যখন চার বছর বয়স তখন বেইজিংয়ে থাকতেন তারা বাবা-মা। বাজারের কাছে খেলার সময়ে তাকে অপহরণ করা হয়। গত ২১ বছর ধরে ছেলেকে ফিরে পেতে মরিয়া হয়ে ঘুরেছেন তারা বাবা-মা। পোস্টার লাগানোর পাশপাশি পুলিশের দ্বারস্থও হন তারা।

এ দিকে অপহরণকারীরা পেংকে বিক্রি করে দেয় পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের একটি পরিবারে। সেখানে ঝাং কুন নামে বড় হন তিনি। চীনের সংবাদমাধ্যম অনুসারে, গত বছর ডিসেম্বর মাসে পুলিশ পেং-য়ের ডিএনএ পরীক্ষা করে। তার পরেই তার আসল পরিচয় জানানো হয়। সব কিছু জানার পরে বেইজিং গিয়ে বাবা-মা এবং পরিবারের অন্যদের সঙ্গে দেখা করেন তিনি।

২১ বছর পরে ছেলেকে ফিরে পেয়ে প্রথমে বিশ্বাসই করতে চাননি বাবা-মা। সব কিছু স্বপ্ন বলে মনে হয় তাদের। তবে তার পরেই সন্তানকে স্বাগত জানান তারা। চলতি বছর ১২ ডিসেম্বর তাদের সেই পুনর্মিলনের বর্ষপূর্তি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নিজের আসল বাবা-মায়ের ছবি দিয়ে পেং জানিয়েছেন, তাকে লালন-পালনকারী পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। সেখানে চাকরি, গাড়ি, নিজের কেনা বাড়ি সব কিছু ছেড়ে এসেছেন পেং। তিনি জানিয়েছেন, আসল বাবা-মাকে ফিরে পেয়ে নবজন্ম হয়েছে তার। এখন তাদের নিয়ে শান্তিতে আছেন তিনি।

একই সঙ্গেই নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের খুঁজে পেতে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত হয়েছেন পেং।

Exit mobile version