Home আন্তর্জাতিক আইএমএফের সহায়তা ছাড়া গতি নেই : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আইএমএফের সহায়তা ছাড়া গতি নেই : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : যে অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা, তা থেকে উদ্ধার পেতে হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা ছাড়া কোনো আর কোনো পথ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

সম্প্রতি রাজধানী কলম্বোতে নিজ কার্যালয়ে শ্রীলঙ্কার বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠক করেছেন বিক্রমাসিংহে। সেখানে তিনি বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি যে তছনছ হয়ে গেছে— তা আমরা সবাই জানি…এবং এই কারণে আমাদের সার্বিক পরিস্থিত খুবই কঠিন হয়ে উঠছে। ইতোমধ্যে দেশের বহু মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন, জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে; ফলে সাধারণ লোকজন তাদের জীবনধারায় বদল আনতেও বাধ্য হচ্ছেন।’

দেশের শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক খাতগুলেও অর্থনৈতিক সংকটের কশাঘাতে জর্জরিত— উল্লেখ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে আমরা যেসব সমস্যা মোকাবিলা করছি— সবই এই অর্থনৈতিক সংকট থেকে উদ্ভূত। সংকটের মূল কোথায় কিংবা কোথা থেকে এটি শুরু হলো— এখন এসব আলোচনা মূল্যহীন। আমাদের সামনে একমাত্র উপায় এখন আইএমএফের সহায়তা। যদি তা আমরা না পাই, তাহলে (সংকট থেকে) মুক্তির কোনো উপায় নেই।’

করোনা মহামারি এবং রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন সরকারের উদাসীনতা-অদূরদর্শী নীতির কারণে চলতি বছরের শুরু থেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করার মতো অর্থও আর নেই দেশটির কোষাগারে। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতালাভের পর এত গভীর সংকট দেখেননি দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশটির লোকজন।

বৈঠকে প্রেসিডেন্ট বলেন, দেশের ধসে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ সংক্রান্ত কর্মসূচি পুনর্গঠন করছে সরকার।

 

Exit mobile version