Home আন্তর্জাতিক আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

অনলাইন ডেস্ক : উত্তর আরব সাগরে বিপদাপন্ন একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তান নৌবাহিনীর (পিএন) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স ও পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, ‘এমভি গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি বিপদসংকেত পাওয়ার পর দ্রুত এই অভিযান চালানো হয়। জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে উত্তর আরব সাগরে অবস্থান করছিল।

এতে আরও বলা হয়, সে সময় ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস হুনাইন’-কে অবিলম্বে এমভি গোল্ড অটামকে সহায়তার নির্দেশ দেওয়া হয়। নৌবাহিনীর বিশেষ দল জাহাজটিতে গিয়ে আগুন নেভানো, জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে ১৮ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার করা নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। উদ্ধার করা নাবিকদের নিরাপদে করাচিতে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং পরে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

Exit mobile version