অনলাইন ডেস্ক : ইতালির মিলান শহরে ব্যর্থ ডাকাতির চেষ্টার পর আটক হয়েছেন এক বাংলাদেশি যুবক। ডাকাতি করতে গিয়ে ব্যাংকের ভল্টের ভেতরে টানা নয় ঘণ্টা আটকে থাকার পর তাকে বের করে আনে উদ্ধারকর্মীরা।

ইতালির পুলিশের বরাত দিয়ে ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভিয়ালে চেরতোসায় অবস্থিত ইউনি ক্রেডিটের একটি শাখায় প্রবেশ করেন ওই ব্যক্তি। পরে সেফটি ডিপোজিট বক্স সংরক্ষিত ভল্টের কাছে পৌঁছে যান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে নিরাপত্তাকর্মীরা সিসিটিভি ক্যামেরায় তাকে শনাক্ত করেন। তিনি তখন ডিপোজিট বক্স ভাঙার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেছেন নিরাপত্তাকর্মীরা।

পুলিশ তাৎক্ষণিকভাবে তার কাছে পৌঁছাতে পারেনি। কারণ ভল্টের চাবিগুলো একটি টাইম-ডিলে সেফের ভেতরে সংরক্ষিত ছিল, যা পরদিন সকাল ৮টার আগে খোলা সম্ভব ছিল না।

উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে সেফ ভেঙে চাবি উদ্ধার করার চেষ্টা চালান। অবশেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে তাকে ভল্ট থেকে বের করে আনা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভল্টে বায়ু চলাচলের ব্যবস্থা থাকায় তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন। পরে ডাকাতিচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভল্টে প্রবেশের আগেই কেন তাকে আটকে দেয়া যায়নি, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন তদন্তকারীরা। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, তিনি ব্যাংকের নিয়মিত লেনদেন চলাকালেই ভেতরে প্রবেশ করেছিলেন।

এক বিবৃতিতে ইউনিক্রেডিট কর্তৃপক্ষ জানায়, তাদের অ্যালার্ম ব্যবস্থা সঠিকভাবে কাজ করেছে এবং কর্মীরা দ্রুত জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে অবহিত করেছেন। ব্যাংকটি আরও জানায়, নিরাপত্তা প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষিত সম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনুপ্রবেশকারীর নিরাপত্তাও বজায় রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।