অনলাইন ডেস্ক : ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের সমালোচনা করেছে রাশিয়া। সোমবার (১৩ এপ্রিল) প্রেসিডেন্টের দপ্তর থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে—এটি নিশ্চিত করেই বলা যায়।’ তবে তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে এখনও অনেক কিছু অস্পষ্ট থাকায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকছেন।
ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, এ ধরনের একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। তবুও রাশিয়া প্রয়োজন হলে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সামরিক অভিযানের পর ইরানকে সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যার ভিত্তিতে ইরান মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।






