Home আন্তর্জাতিক ইরানের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস

ইরানের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) এক বিশেষ অভিযানে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তসনিম।

আইআরজিসি-র জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে সংবাদে জানানো হয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত ‘হা-এলা’ (Ha’ela) স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারটিকে লক্ষ্যবস্তু করে আইআরজিসি এরোস্পেস ফোর্সের একঝাঁক আত্মঘাতী ড্রোন। ড্রোন হামলায় কেন্দ্রটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

ইরানি বাহিনীর দাবি, এই কেন্দ্রটি ছিল ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিমান বাহিনীর প্রধান যোগাযোগ হাব। এখান থেকেই যুদ্ধবিমানগুলোর সাথে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ ও যোগাযোগ রক্ষা করা হতো। এই অবকাঠামোটি ধ্বংস হওয়ার ফলে ইসরায়েলি বিমান বাহিনীর কার্যক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে তেহরান মনে করছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন উর্ধ্বতন সামরিক কমান্ডারের হত্যাকাণ্ডের পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

এরই পাল্টা জবাব হিসেবে ইরান সাম্প্রতিক দিনগুলোতে অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তেল আবিবের স্যাটেলাইট সেন্টারে মঙ্গলবারের এই অভিযানকে ইরানের সেই ‘প্রতিশোধমূলক’ পদক্ষেপেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

অঞ্চলটিতে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

Exit mobile version