অনলাইন ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। মার্কিন রাজনীতিতে এ বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। খবর আল জাজিরার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেয়া বিস্ফোরক মন্তব্যে মার্কি বলেন, এই হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নেয়া হয়নি এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। তার ভাষায়, ট্রাম্পের অবৈধ পদক্ষেপ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
মার্কি অভিযোগ করেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকিকে ‘আসন্ন’ বলে অতিরঞ্জিত করেছেন। তিনি বলেন, অবৈধ ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ বিধ্বস্ত’ করেছে বলে দাবি করা হলেও পরবর্তীতেও ট্রাম্প একইভাবে হুমকি তুলে ধরছেন।
তিনি আরও উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও নিজেই স্বীকার করেছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে না। মার্কির মতে, হামলার আগে কূটনীতির সুযোগ ছিল, এখনও রয়েছে।
বিবৃতির শেষাংশে মার্কি বলেন, এটি ট্রাম্পের তৈরি করা সংকট। আমেরিকান জনগণ মধ্যপ্রাচ্যে আরেকটি অন্তহীন যুদ্ধ চায় না। তারা চায় না তরুণ-তরুণীদের অনন্ত যুদ্ধে পাঠানো হোক, যখন দেশের ভেতরে পরিবারগুলো স্বাস্থ্যসেবার ব্যয় বহনে হিমশিম খাচ্ছে। ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ না থামান, তবে কংগ্রেসকে তা করতে হবে। ইরানের সঙ্গে আর যুদ্ধ নয়।
