Home আন্তর্জাতিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে উত্তেজনা, সংযমের আহ্বান রাশিয়ার

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে উত্তেজনা, সংযমের আহ্বান রাশিয়ার

অনলাইন ডেস্ক : ইরানে সম্ভাব্য মার্কিন হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া বৃহস্পতিবার সংযমের আহ্বান জানিয়েছে। একই সময়ে মস্কো ও তেহরান নৌ-মহড়া পরিচালনা করছে, যা ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী পূর্বনির্ধারিত এবং উদ্বেগের কারণ হওয়ার কথা নয়।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে সামরিক শক্তি জোরদার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছনোর সতর্কবার্তা দিয়েছেন।

মস্কো ও তেহরান বৃহস্পতিবার ওমান সাগরে নৌ-মহড়া পরিচালনা করছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এগুলো পূর্বপরিকল্পিত মহড়া এবং আগে থেকেই সমন্বিত।’

তিনি আরো বলেন, ‘রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রেখেছে এবং একই সঙ্গে আমরা আমাদের ইরানি বন্ধুদের ও অঞ্চলের সব পক্ষকে সংযম ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।’

পেসকভ বলেন, বিভিন্ন ইস্যু সমাধানে ‘রাজনৈতিক ও কূটনৈতিক উপায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া’ উচিত বলে মস্কো মনে করে।

সামরিক সংঘাতের আশঙ্কা উল্লেখ করে কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে।

পেসকভ বলেন, ‘আমরা বর্তমানে অঞ্চলে নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধির সাক্ষী হচ্ছি, তবে আমরা এখনো আশা করছি যে সমাধান খুঁজে পেতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় এবং আলোচনা প্রাধান্য পাবে।’

এ সপ্তাহে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্র আরেক দফা আলোচনা করেছে।

ইউক্রেন অভিযানের সময় ইরান রাশিয়ার ঘনিষ্ঠতম মিত্রদের একটিতে পরিণত হয়েছে।