বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখের আনন্দে মুখর পুরো দেশ, উৎসবে মেতেছেন তারকারাও। নতুন বছরের শুরুতে লাল-সাদা সাজে ধরা দিচ্ছেন তারা। ঐতিহ্য আর বাঙালিয়ানায় ভরপুর তাদের বৈশাখী আয়োজন। সামাজিক মাধ্যমে একের পর এক ছবি শেয়ার করছেন প্রিয় তারকারা। ভক্তদের শুভেচ্ছা জানাতে পোস্টে থাকছে ভালোবাসার বার্তা। এ তালিকায় আছেন, জয়া অপু বিশ্বাস, বাঁধন, মিম, মেহজাবীন ও সাফাসহ আরও অনেকেই। তারকাদের এই রঙিন উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে নববর্ষের উৎসব।
জয়া আহসান বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে তার নিজ বাড়িতেই বৈশাখের আয়োজন করেছিলেন এক দিন আগে। ফেসবুকে কিছু ছবি পোস্ট করে জয়া লিখেছেন, নিজ হাতে মাখা পান্তা–ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি। উৎসব, এক ঘর ভরা বাঙালিয়ানা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে দেখা গেছে সাদা শাড়িতে, যেখানে নীল ও লাল রঙের নকশা বৈশাখের রঙিন আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে। শাড়ির সঙ্গে মিলিয়ে হাতে রঙিন কাঁচের চুড়ি এবং গাঢ় নীল পাড় তার লুকে এনেছে এক স্বতন্ত্র দেশীয় সৌন্দর্য।
অন্যদিকে, দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম খোলা চুল, ছোট্ট টিপ আর শাড়িতে গ্ল্যামারাস লুকে দেখা দিলেন পহেলা বৈশাখে। একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’
আজমেরি হক বাঁধন বৈশাখের সাজে বেশকিছু ছবি পোস্ট করয়েছেন। জামদানি, শাড়ি, গয়না আর গাজরায় নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। সকালে মেয়ের সঙ্গে ছবি পোস্ট নববর্ষের শুভেচ্ছা জানান।
বৈশাখে সাদা লাল শিফন শাড়িতে সেজেছিলেন মেহজাবীন চৌধুরী। নববর্ষের ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমার বৈশাখ।’
অন্যদিকে, যেখানে অন্যান্য নারী অভিনেত্রীরা শাড়িতে সেজেছেন সেখানে ভিন্নভাবে দেখা গেল সাফা কবিরকে। সাদা আনারকলি পরেছিলেন তিনি সেই সঙ্গে ছিল ফুলের সাজ। ছবি পোস্ট করে সাফা কবির লিখেছেন, শুভ নববর্ষ ১৪৩৩।
এছাড়াও বৈশাখে লাল পাড়ের সাদা শাড়িতে দেখা মিললো জান্নাতুল ফেরদৌস ঐশীর। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।






