অনলাইন ডেস্ক : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং জনহিতৈষী বিল গেটস দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে অতীতের সম্পর্কের জন্য তার ফাউন্ডেশনের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, এপস্টাইনের কোনো ‘অবৈধ’ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, গেটস ফাউন্ডেশনের একটি অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) বিল গেটস স্বীকার করেন যে, এপস্টাইনের সঙ্গে তার মেলামেশা একটি “বিরাট ভুল” ছিল। তিনি বলেন, এই সম্পর্কের কারণে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সুনামের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

গত মাসে মার্কিন বিচার বিভাগ কর্তৃক হাজার হাজার নথি সংবলিত ‘এপস্টাইন ফাইলস’ প্রকাশিত হওয়ার পর গেটস এই মন্তব্য করেন। ফাঁস হওয়া নথিতে গেটস সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে যারা বিভিন্ন সময় এপস্টাইনের সংস্পর্শে এসেছিলেন।

ফাউন্ডেশনের কর্মীদের উদ্দেশ্যে গেটস বলেন, “আমি কোনো অবৈধ কাজ করিনি এবং এমন কিছু দেখিওনি। কিন্তু এপস্টাইনের সঙ্গে সময় কাটানো এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের সেই বৈঠকে অন্তর্ভুক্ত করা আমার বড় ভুল ছিল।” তিনি আরও জানান, ২০১১ সালে এপস্টাইনের সঙ্গে তার প্রথম দেখা হয় এবং ২০১৪ সাল পর্যন্ত তাদের যোগাযোগ ছিল। এমনকি তার প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এই সম্পর্কের ব্যাপারে শুরু থেকেই সন্দিহান ছিলেন।

সভায় বিল গেটস দুইজন রুশ নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করেন, তবে তিনি জোর দিয়ে বলেন যে তারা এপস্টাইনের চক্রের কোনো ভুক্তভোগী ছিলেন না। তিনি জানান, এপস্টাইনের ব্যক্তিগত জেটে ভ্রমণ করলেও তিনি কখনোই তার ব্যক্তিগত দ্বীপে যাননি।

বিল গেটস কর্মীদের আশ্বস্ত করে বলেন যে, ফাউন্ডেশনের কাজ অত্যন্ত সম্মান এবং সুনামের সঙ্গে জড়িত, যা বজায় রাখা তার অগ্রাধিকার। এপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা পুনর্ব্যক্ত করে তিনি তার এই “ভুল সিদ্ধান্তের” জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন।

ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, বিল গেটস বছরে দুইবার কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এবারের সভায় তিনি অত্যন্ত খোলাখুলিভাবে নিজের ভুল স্বীকার করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।