অনলাইন ডেস্ক : দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর এবার ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ঘোষণা দেন, ‘যদি কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে কোনো ছাড় হবে না।
একই বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, একদিকে শান্তির ইঙ্গিত এবং অন্যদিকে কঠোর শুল্ক হুমকি- ট্রাম্পের এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।
এর আগে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প।
তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।
