অনলাইন ডেস্ক : গাজা উপত্যকার পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ওয়াশিংটনে বসছে ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বোর্ড অব পিস’ এর প্রথম সভা। এই সভায় গাজা উপত্যকার ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন ২০ দেশের প্রতিনিধিরা।

ট্রাম্প এরইমধ্যে জানিয়েছেন, তিনি কয়েকশ কোটি ডলারের মানবিক ও পুনর্গঠন সহায়তা উপস্থাপন করবেন। গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী-আইএসএফ গঠনের ব্যাপারেও প্রস্তাব উপস্থাপন করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর উপকূলীয় অঞ্চলটির অর্ধেকরও বেশি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল, বাকিটা হামাস। ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের কথা বলে আসছেন। তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে।

জানুয়ারিতে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচকেরা মনে করেন এর মাধ্যমে তিনি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী একটি সংস্থা দাঁড় করাতে চাইছেন।

জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশ এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে হাঙ্গেরি, ইসরাইল, বেলারুশ, কাতার, সউদী আরব এবং তুরস্কসহ দুই ডজন দেশ এর সদস্য হয়েছে।