স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ার সেরা বোলিংয়ে লক্ষ্যটা বড় হতে দিলেন না জুনাইদ সিদ্দিকী। রান তাড়ায় দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে কেবল উদ্বারই করলেন না আরিয়ানশ শার্মা ও সোহাইব খান, শেষ দিকে দ্রুত রান তুলে কঠিন সমীকরণ মিলিয়ে বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় তুলে নিল সংযুক্ত আবর আমিরাত।

‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার কানাডাকে ৫ উইকেটে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দলটি। ১৫০ রানের লক্ষ্য তারা পূরণ করে ২ বল হাতে রেখে।

রান তাড়ায় একটা পর্যায়ে ২৪ বলে ৫৬ রান দরকার ছিল আমিরাতের। আগ্রাসী ব্যাটিংয়ে সেই কঠিন সমীকরণ মিলিয়ে নেন আরিয়ানশ ও সোহাইব। পঞ্চম উইকেটে তারা গড়েন ৪৩ বলে ৮৪ রানের জুটি।

ওপেনিংয়ে নেমে ৫৩ বলে ৭৪ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন আরিয়ানশ। তার ইনিংসটি গড়া তিনটি ছক্কা ও ছয়টি চারে। ছয়ে নেমে চারটি করে ছক্কা-চারে ২৯ বলে ৫১ রান করেন সোহাইব।

তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে জুনাইদের হাতে। দারুণ বোলিংয়ে ৩৫ রান খরচায় পাঁচ উইকেট নেন এই পেসার। টি-টোয়েন্টিতে এই প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জুনাইদের তোপের মুখে পড়ে কানাডা। নিজের প্রথম দুই ওভারে দুই ওপেনারকে তুলে নেন জুনাইদ।

পাওয়ার প্লের মধ্যে আরও এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কানাডা। এরপর ৩৮ রান ৩ উইকেট হারানো কানাডাকে টানেন নাভনিত ঢালিওয়াল ও হার্শ ঠাকের। তাদের ৫৮ রানের জুটিতে একশর কাছে যায় দলটির রান। ত্রয়োদশ ওভারে নাভনিত রান আউটে কাটা পড়লে ভাঙে তাদের প্রতিরোধ। চারটি চারে ৩৪ রান করেন তিনি।

এরপর শ্রেয়াস মোভাকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন হার্শ। ৪০ বলে ৫০ ছুঁয়ে পরের বলেই বিদায় নেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করার পথে তিনটি ছক্কা ও দুটি চার মারেন মিডল অর্ডার ব্যাটসম্যান।

হার্শের পর শ্রেয়াস ও সাদ বিন জাফারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জুনাইদ।

জবাব দিতে নেমে কানাডার বাঁ-হাতি স্পিনার সাদ বিন জাফরের ঘূর্ণিতে ৬৬ রানে ৪ উইকেট হারায় আরব আমিরাত। এসময় ৩ উইকেট নেন জাফর। এরাপর সেই আরিয়ানশ-সোহাইব জুটি।

২ ম্যাচে ১ জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। ২ ম্যাচের একটিতেও জিততে পারেনি কানাডা।

দুটি করে ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে এই গ্রুপের শীর্ষ দুই দল যথাক্রমে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

কানাডা: ২০ ওভারে ১৫০/৭ (ইউভরাজ ৫, দিলপ্রিত ১১, নাভনিত ৩৪, কিরটন ৪, হার্শ ৫০, শ্রেয়াস ২১, জাসকারান ৪*, সাদ ৫, ডিলন ৬*; হায়দার ৪-০-২৯-০, জুনাইদ ৪-০-৩৫-৫, আরফান৪-০-৩৩-০, জাওয়াদউল্লাহ ৪-০-১৬-১, ফারুক ২-০-১৯-০, হার্শিত ২-০-১৭-০)

সংযুক্ত আরব আমিরাত: ১৯.৪ ওভার ১৫১/৫ (আরিয়ানশ ৭৪*, ওয়াসিম ৪, আলিশান ৫, মায়াঙ্ক ৪, হার্শিত ৫, সোবাইব ৫১, আরফান ১*; কালিম ৪-০-২৯-১, ডিলন ৪-০-৩৩-০, জাসকারান ৩.৪-০-৪৫-১, সাদ ৪-০-১৪-৩, আনশ ৩-০-২৫-০, দিলপ্রিত ১-০-৪-০)

ফল: সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জুনাইদ সিদ্দিক।