অনলাইন ডেস্ক : দ্য সুপ্রিম কোর্ট অব কানাডা এক সর্বসম্মত রায়ে বলেছে, শীতকালে তুষারপাতের ফলে জমে থাকা বরফ সড়ানোর দায়িত্ব সিটি কর্তৃপক্ষের। এই দায়িত্ব পালনে তাদের ব্যর্থতা বা অবহেলার কারণে কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তিনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের নামে ক্ষতিপূরণ মামলা করতে পারবেন। ব্রিটিশ কলম্বিয়ার নেলসন সিটিতে টেরাইন জয় মারচি নামে এক মহিলার করা মামলার রায় ঘোষণা করতে গিয়ে আদালত সর্ব সম্মতভাবে ওই সিদ্ধান্ত জানান।

২০১৫ সালের শীতে জমাট বরফের উপর দিয়ে হাঁটতে গিয়ে পা ভেঙ্গে ফেলেছিলেন মারচি। পরে তিনি এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন। ব্রিটিশ কলম্বিয়ার আদালতে করা মামলায় প্রথমে তিনি হেরে যান। সে সময় আদালত ওই ঘটনায় সিটি কর্তৃপক্ষের কোন দায় নেই বলে রায় দেয়। পরে তিনি উচ্চতর আদালতে আপিল করলে এবার তার পক্ষে রায় আসে। আদালত সিটি অব নেলসনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মারচিকে যথাযত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করে সিটি কর্তৃপক্ষ। এতে সিটির পক্ষের আইনজীবী দাবি করেন যে, এ ধরনের ঘটনায় ক্ষতিপূরণ দূরের কথা- মামলাই হতে পারে না।

দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট সিটি অব নেলসনের আপিল খারিজ করে দেয়। ৭ সদস্যের বিচারিক প্যানেল সর্বসম্মতভাবে এক রায়ে জানায়, বরফ অপসারণ করা সিটি কর্পোরেশনের মৌলিক দায়িত্বগুলোর মধ্যে একটি প্রধান দায়িত্ব। এই কাজে অবহেলার কোনো সুযোগ নেই। তাই মিস মারচিকে ক্ষতিপূরণ দেয়া এখন তাদের দায়িত্ব।

২০১৫ সালের জানুয়ারিতে মারচির দায়ের করা মামলাটিতে সিটি অব নেলসনের পর একে একে সিটি অব অ্যাবস্টফোর্ড, সিটি অব টরন্টোসহ অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টার অ্যাটনি জেনারেলরা জড়িয়ে যান। ফলে মামলাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সূত্র : সিবিসি