Home আন্তর্জাতিক ক্যাপিটল হিলে হামলার বার্ষিকীতে আজ ভাষণ দেবেন বাইডেন

ক্যাপিটল হিলে হামলার বার্ষিকীতে আজ ভাষণ দেবেন বাইডেন

অনলাইন ডেস্ক : আজ ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে ক্যাপিটলের স্ট্যাটুয়ারি হল থেকে ভাষণ দেবেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গত বছরের ক্যাপিটল হিল হামলার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে তার বক্তব্য রাখবেন। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছেন। খবর ভয়েস অব আমেরিকা ও রয়টার্সের

হোয়াইট হাউজের প্রেস সচিব জেনসাকি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ঐদিন যা ঘটেছে সেই সত্যি ঘটনার কথা বলবেন প্রেসিডেন্ট। কোন মিথ্যা তথ্য তিনি দেবেন না যেটি কেউ কেউ তখন থেকে ছড়িয়েছে এবং আইনের শাসন ও আমাদের গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য যে বিপদ সৃষ্টি করেছে। তিনি ৬ জানুয়ারির বীরদের স্মরণ করবেন, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী পুরুষ ও নারীদের যারা সংবিধানকে সমুন্নত রাখতে এবং রাজধানী ও সেখানে থাকা মানুষের জীবন রক্ষার জন্য লড়াই করেছিলেন। তাদের প্রচেষ্টার কারণে আমাদের গণতন্ত্র উচ্ছৃঙ্খল জনতার আক্রমণ প্রতিরোধ করতে পেরেছিল এবং প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া ১৫০ মিলিয়নেরও বেশি লোকের পছন্দের প্রার্থী কংগ্রেসে নিবন্ধিত হয়েছিলেন। ট্রাম্পপন্থি উচ্ছৃঙ্খল জনতা কংগ্রেসে এমন সময় হামলা চালায় যখন ভেতরে আইনপ্রণেতারা ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করার জন্য মিলিত হয়েছিলেন। ঐদিন ক্যাপিটল হিলে দায়িত্বে থাকা ক্যাপিটল পুলিশ অফিসারদের বিপরীতে বিপুল সংখ্যক উচ্ছৃঙ্খল মানুষের সমাগম হয়। তারা ঐতিহাসিক ভবনটি ভাঙচুর করে, জানালা ভাঙচুর করে। হামলার কারণে আইন প্রণেতারা নিজেদের জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন। হামলায় ঘটনাস্থলে চার জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি এদিন সংবাদ সম্মেলন না করে অ্যারিজোনায় ১৫ জানুয়ারির র‍্যালিতে এ নিয়ে অনেক কথা বলবেন।

Exit mobile version