Home জাতীয় গত দেড় বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম: সেনাপ্রধান

গত দেড় বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি আজকের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, “ভোট প্রদান দেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার। জনগণ নিশ্চিন্তে ও উৎসাহের সঙ্গে ভোট দিতে পারছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “সব ভোটার যেন নির্ভয়ে কেন্দ্রে আসেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিন সকালে সেনাপ্রধান ভোটারদের উৎসাহ এবং কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন। তিনি জানান, সকাল থেকেই সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা।

সেনাপ্রধান আরও বলেন, যে কোনো দেশের গণতন্ত্রের ভিত্তি হলো সুষ্ঠু ভোট। আমাদের প্রত্যাশা, ভোটের এই উৎসবমুখর পরিবেশ সারাদেশে বজায় থাকবে এবং নির্বাচিত প্রার্থীরা জনগণের সেবায় নিবেদিত থাকবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দেশে মোট ২৯৯ সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Exit mobile version