অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ চতুর্দশ লিওর মধ্যে চলছে বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং পোপের প্রতি সমর্থন জানিয়েছেন।

এক্সে পোপ লিও-র উদ্দেশে পেজেশকিয়ান লিখেছেন, হিজ হোলিনেস পোপ চতুর্দশ লিও, ইরানের পক্ষ থেকে আমি আপনার প্রতি এই অপমানের নিন্দা জানাই। সেই সঙ্গে ঘোষণা করছি, শান্তি ও ভ্রাতৃত্বের নবী যিশুর অবমাননা কোনো মুক্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়। আমি দোয়া করি, আল্লাহ আপনার সম্মান সমৃদ্ধি আরো বাড়িয়ে দিক।

এর আগে, সোমবার পোপ লিও ট্রাম্পের সমালোচনার জবাবে বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে ভ্যাটিকান যে শান্তি ও সমঝোতার আহ্বান জানাচ্ছে, তা বাইবেলের শিক্ষার ভিত্তিতেই করা হচ্ছে। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, ভ্যাটিকানের এই অবস্থান সংঘাত প্রশমনে ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেয়ারই প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও পোপের এই বাকযুদ্ধ কেবল কূটনৈতিক নয়, বরং ধর্মীয় ও নৈতিক অবস্থানের সংঘাত হিসেবেও নতুন মাত্রা যোগ করছে আন্তর্জাতিক অঙ্গনে।

সূত্র: আনাদোলু এজেন্সি