অনলাইন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে যে কর্তৃপক্ষ আটক করেছে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। আজ বুধবার সন্ধ্যায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘বিভিন্ন সমস্যা নিয়ে জামায়াতের প্রতিনিধি দল ইসিতে এসেছিলেন। তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি। তারা যোগাযোগ করার কথা জানিয়েছে। তারা অনুরোধ করেছে আমরা যাতে কথা বলি। এখন আমাদের দিক থেকে যতটুকু তাগিদ দেওয়ার নিশ্চয়ই আমার ততটুকু দেব।’
ভোটের সময় টাকা বহন নিয়ে নিজের বক্তব্য ‘মিসকোট’ করার অভিযোগ তুলে আখতার আহমেদ বলেন, ‘৫ কোটি টাকা নিয়ে যাওয়া যাবে এমন কথা আমি বলিনি। এটা মিথ্যা খবর। আমি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি।’
তিনি বলেন, ‘যারা ধরেছে তাদের বিষয় এটা। এ বিষয়ে আমার মন্তব্য করার অধিকার নেই। আমি বলতে পারি না কতটুকু টাকা নিয়ে যাওয়া যাবে। যারা আটক করেছেন তারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দেবেন, সিদ্ধান্ত জানাবেন। ‘






