Home আন্তর্জাতিক দিল্লিতে ১৫ দিনে ৮০৮ জন নিখোঁজ!

দিল্লিতে ১৫ দিনে ৮০৮ জন নিখোঁজ!

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে গত জানুয়ারি মাসের ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে ৮০৮ জন মানুষ নিখোঁজ হয়েছেন। তার মধ্যে ৫০৯ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশ হলো নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ে। এতে প্রশ্নটা উঠেছে দিল্লি থেকে এত মানুষ কেন নিখোঁজ হন, এর পিছনে কি কোনো চক্র কাজ করছে?

দিল্লি পুলিশের বরাতে বার্তাসংস্থা পিটিআই জানাচ্ছে, জানুয়ারি মাসের প্রথম ১৫ দিনে ভারতের রাজধানী থেকে প্রতিদিন গড়ে ৫৪ জন নিখোঁজ হয়ে যাচ্ছেন, তাদের ১৩ জন করে অপ্রাপ্তবয়স্ক। ১৯১ জন নিখোঁজ অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জন মেয়ে। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। আর নিখোঁজ ৬১৬ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ।

পুলিশের তথ্য বলছে, পুলিশ এপর্যন্ত ৯০ জন পুরুষ ও ৯১ জন নারী ২৩৫ জনের খোঁজ পেয়েছে। ৫৭২ জন এখনো নিখোঁজ।

বৃহস্পতিবার দিল্লি পুলিশ দাবি করেছে, দিল্লিতে এক লাখ মানুষের মধ্যে ১২২ দশমিক পাঁচজন নিখোঁজ হন। এই হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের থেকে কম। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বাচ্চাদের ফিরতে একটু দেরি হলে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ করতে না পারলেই উদ্বিগ্ন বাবা-মা রিপোর্ট ফাইল করেন। সেটা সরকারি সংখ্যাতত্ত্বের মধ্যে ঢুকে যায়।

পুলিশ জানিয়েছে, এই বছর জানুয়ারি মাসে এক হাজার ৭৭৭জন নিখোঁজ হয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে হয়েছিলেন দুই হাজার ৪২ জন এবং ২০২৪ সালে এক হাজার ৭৮৬ জন। গত দুই বছরের তুলনায় ২০২৬ সালে বরং কম মানুষ নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালে মোট ২৪ হাজার ৫০৮ জন নিখোঁজ হয়েছিলেন। তার মধ্যে পুলিশ ১৫ হাজার ৪২১ জনকে খুঁজে বের করেছে।

এদিকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এত মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘এটা স্বাভাবিক পরিস্থিতি নয়, বরং রীতিমতো আতঙ্কের পরিস্থিতি। রাজধানীর মানুষের নিরাপত্তা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি-র শাসনে একবছর থাকার পর দিল্লি কেন এতটা নিরাপত্তাহীন শহর?’

সূত্র: পিটিআই, ডয়চে ভেলে

Exit mobile version