অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরল বিএনপি। প্রথমবার সরকার পরিচালনার দায়িত্বে এসে বেশিরভাগ নতুনদের নিয়ে পথ চলার পরিকল্পনা করেছেন তিনি, যা দৃশ্যমান তার মন্ত্রিসভার তালিকাতে। নবগঠিত এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে একজন নারী পূর্ণ মন্ত্রী এবং বাকি দুইজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এতে গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা খানম।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে ফারজানা শারমিন পুতুলের ওপর।