Home আন্তর্জাতিক প্রতিশোধের শপথ আইআরজিসির, ‘বিধ্বংসী অভিযান’ শুরুর ঘোষণা

প্রতিশোধের শপথ আইআরজিসির, ‘বিধ্বংসী অভিযান’ শুরুর ঘোষণা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সেইসঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি খামেনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোক প্রকাশ করছি।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মানবতার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত এই মহান নেতার বৈধতা এবং তার একনিষ্ঠ সেবার স্বীকৃতিরই একটি চিহ্ন।’

আইআজিসি আরো জানিয়েছে, ‘ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছাড়বে না’ এবং তারা ‘দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রের মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়াবে।’

বিবৃতিতে আইআরজিসি ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান’ শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, এই অভিযান ‘মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই’ শুরু হবে এবং এর লক্ষ্যবস্তু হবে অঞ্চলের ‘দখলকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলো।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ। তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক এবং সাত দিনের ছুটি ঘোষণা করা হয়।

ইরানের ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, তিনি তার ‘নির্দিষ্ট দায়িত্ব পালনকালে মারা গেছেন।’ প্রতিবেদনে আরও বলা হয়, আজ রবিবার ভোরের দিকে খামেনির মৃত্যু হয়।

Exit mobile version