Home বিনোদন ফ্লোরিডায় গুলিবিদ্ধ আলোচিত র‍্যাপার অফসেট

ফ্লোরিডায় গুলিবিদ্ধ আলোচিত র‍্যাপার অফসেট

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় র‍্যাপার অফসেট। গুলিবিদ্ধ হয়েছে তিনি। ভ্যারাইটি থেকে জানা যায় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। অফসেটের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার প্রতিনিধি। গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অফসেট গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর ফ্লোরিডার ভ্যালেট এলাকায় এই ঘটনা ঘটে। হামলার প্রকৃত কারণ ও পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আহতকে দ্রুত হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, আঘাত গুরুতর নয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই এবং হোটেলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, অফসেটের আসল নাম কিয়ারি সিফাস। তিনি দীর্ঘদিন ধরেই জনপ্রিয় হিপহপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে পরিচিত। কোয়াভো ও টেকঅফের সঙ্গে তিনি এই দল গঠন করেন। ‘ব্যাড অ্যান্ড বুজি’ ও ‘কালচার’–এর মতো হিট গান এবং অ্যালবামের মাধ্যমে তারা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন।

২০১৯ সালে তিনি একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ‘ফাদার অব ফোর’ অ্যালবামের মাধ্যমে। এরপর ‘সেট ইট অফ’ ও ‘কিয়ারা’ প্রকাশ করেন। এই নতুন হামলার খবরে ভক্ত ও সংগীত জগতের সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

Exit mobile version