অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের এক স্বাধীন বিশেষজ্ঞকে ঘিরে ইউরোপের কয়েকটি দেশের সমালোচনার পর বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। ইউনাইটেড নেশ্যান্স হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র মার্তা হুর্তাদো এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, স্বাধীন জাতিসংঘ বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, হুমকি ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তার ভাষায়, এসব পদক্ষেপ গুরুতর মানবাধিকার ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে দেয়। খবর আলজাজিরার।
বিতর্কের কেন্দ্রে রয়েছেন ফিলিস্তিনবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্র্যাঙ্কাসেসকা আলবানিজ। সম্প্রতি জার্মানি, ফ্রান্স ও ইতালি তার বিরুদ্ধে ইসরায়েলবিরোধী মন্তব্য করার অভিযোগ তোলে। তবে ইতালীয় আইনজীবী আলবানিজে এসব মন্তব্য করার কথা অস্বীকার করেছেন।
আলবানিজের বক্তব্যকে অশোভন ও নিন্দনীয় বলে আখ্যা দেন এবং ইসরায়েলবিরোধী বলে অভিযোগ করা হয়। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক প্রতিক্রিয়ায় আলবানিজে বলেন, তিনটি ইউরোপীয় সরকার তার বিরুদ্ধে এমন বক্তব্যের অভিযোগ তুলেছে, যা তিনি কখনো দেননি। তিনি অভিযোগ করেন, ৮৫৮ দিনে ২০ হাজারের বেশি শিশু হত্যার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো এতটা কঠোর ভাষা ব্যবহার করেনি।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞদের কাজের পরিধি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, গাজা ও পশ্চিম তীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে।
