অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকরী দেশ হিসেবে ভারত বিশ্বস্ত, কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করে ইরান। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ ফাতাহি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে মোহাম্মাদ ফাতাহি বলেন, “যুদ্ধ হচ্ছে তিন দেশের মধ্যে— যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। এই তিন দেশের সঙ্গেই ভারতের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক আছে। এ কারণে আমরা মনে করি যে এই যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভারত নিশ্চিতভাবেই ভারত ইতিবাচক, কার্যকর ও বিশ্বস্ত ভূমিকা পালন করতে পারে।”

“কারণ ভারত দক্ষিণ বিশ্বের একটি বড় শক্তি এবং ভারতের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ। উত্তেজনা হ্রাস করে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে বৈশ্বিক রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান আছে ভারতের।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধের জেরে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ইতোমধ্যে ভোগান্তিতে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

আন্তর্জাতিক চাপের কারণে এখন যুদ্ধবিরতি চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এক্ষেত্রে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানকে। যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের মাধ্যমে তেহরানে ১৫টি পয়েন্ট বিশিষ্ট একটি প্রস্তাবনাও পাঠিয়েছেন ট্রাম্প।

সেই প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, সে সময়ে যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতকে চাইল ইরান।

সূত্র : এনডিটিভি