Home আন্তর্জাতিক মার্কিন প্রতিনিধি দল আসার আগে পাকিস্তান ছাড়ল ইরান, আলোচনা কোন পথে

মার্কিন প্রতিনিধি দল আসার আগে পাকিস্তান ছাড়ল ইরান, আলোচনা কোন পথে

অনলাইন ডেস্ক : মার্কিন দূতদের সম্ভাব্য সফরের ঠিক আগে ইসলামাবাদ ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস আরাঘচি ও তার নেতৃত্বাধীন দল। ফলে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনাকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক ছাড়াই দেশ ছাড়েন। খবর খালিজ টাইমসের।

এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল যে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার পাকিস্তান সফরের সময় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নেবেন। তবে ইরান শুরু থেকেই সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেয়। শুরু থেকে ইরানের অবস্থান ছিল স্পষ্ট। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি নয়, বরং পাকিস্তানের মাধ্যমে পরোক্ষভাবে বার্তা আদান-প্রদান করতে চায়।

বিশ্লেষকদের মতে, ইরানের এই আগাম প্রস্থান কূটনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি ইঙ্গিত দেয় যে, বর্তমান শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যেতে তেহরান এখনো সম্মত হয়নি।

অন্যদিকে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের এই পদক্ষেপে আসন্ন বৈঠকগুলো আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

চলমান আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যে এই কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Exit mobile version