Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসিক কমপ্লেক্সের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিহত দুজন হলেন হেনরি এল. ক্রিটিংটন (১৯) এবং টেরেল থমাস (১৮)। তাদের পরিচয় নিশ্চিত করেছে অরেঞ্জবার্গ কাউন্টি করোনার অফিস।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যাম ওয়াটসন জানান, নিহত দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। গুলিবর্ষণের সময় একজন শিক্ষার্থীর অতিথি হিসেবে ক্যাম্পাসে এসেছিলেন তারা। ওয়াটসন আরও বলেন, আহত ব্যক্তি একজন পুরুষ এবং তিনি ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।

শুক্রবার বিকেল পর্যন্ত আহত ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের দেয়া বিবৃতিতে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য স্পষ্ট করা হয়নি। ঘটনার পর এখনো কাউকে আটক করা যায়নি এবং কোনো সন্দেহভাজন হেফাজতে নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। হামলা কে করেছে এবং কোন উদ্দেশ্যে করেছে সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

Exit mobile version