অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সক্রিয় বাজার সিন্ডিকেট ভাঙতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দিয়ে মাঠে নামানোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রস্তাব তুলে ধরে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং জনগণের ভোগান্তি লাঘবে এই পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন।
তিনি বলেন, রমজান শুরু হওয়ার আগেই বাজার গরম হয়ে উঠছে এবং দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট ইতোমধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে তারা ধারণা করছেন। এই সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য বাড়ানোর চক্রের সঙ্গে জড়িতরা যদি সরকারি দলের ব্যানারেও থাকে, তবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানান।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, রমজানের সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বোধ করছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি যৌথ বাহিনীকে এই পুরো মাস এবং ঈদ পর্যন্ত রাখা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে। যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, যৌথ বাহিনী গত প্রায় দেড় বছর ধরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করতে গিয়ে অনেকটা ক্লান্ত। তা সত্ত্বেও, দেশের বর্তমান বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করতে তাদের এই বিশেষ দায়িত্ব দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে তিনি মনে করেন।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জনগণের ভোগান্তি কমানো এবং সুশাসন নিশ্চিত করা। যদি সরকার এই সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়, তবে তা হবে জনরায়ের বিরোধী অবস্থান।
ব্যারিস্টার ফুয়াদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জনগণের পক্ষে দাঁড়িয়ে অবিলম্বে এই সিন্ডিকেট ভাঙার জন্য যা যা প্রয়োজন তা করতে হবে, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন।
