অনলাইন ডেস্ক : রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ফারজানা জামান নেহা ওরফে ডিজে নেহাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে মদ্যপানের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পার্টিতে উপস্থিত থাকা নিহতের কথিত বান্ধবী নেহাকে গত বৃহস্পতিবার রাতে আজিমপুর তার বাবার বাসা থেকে গ্রেপ্তার শেষে শুক্রবার আদালতে তোলা হয়। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, গত বুধবার ৫ দিনের রিমান্ড শেষে নেহাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে নেহা কারা হেফাজতে রয়েছে।
তিনি বলেন, এর আগে গত শুক্রবার নেহাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত নেহা নিহত শিক্ষার্থীর বাবার করা মামলার এজাহারভুক্ত আসামি।
