অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।
বৈঠকের আলোচনার বিষয়ে প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয়ে একটি সফল, ঐতিহাসিক ও ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উপদেষ্টারা তাদের মতো করে সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সংসদে শক্তিশালী বিরোধী দল থাকবে। তারা গঠনমূলক সমালোচনা করে সংসদে ভূমিকা রাখবে।
প্রেস সচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। বডিক্যাম কার্যকর ভূমিকা রেখেছে। দেশের ইতিহাসে সবচেয়ে ভালো ও কম ভায়োলেন্স হয়েছে এবারের নির্বাচনে। সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের ভূমিকাও প্রশংসনীয়।
অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল উল্লেখ করে তিনি বলেন, আমাদের মূল যে সাফল্য সেটি হলো ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করা। সেই সঙ্গে দেশে শান্তি ও স্থিতিশীলতা আনা।






