Home আন্তর্জাতিক সমঝোতা হোক বা না হোক, ইরান যুদ্ধ শেষের বার্তা ট্রাম্পের

সমঝোতা হোক বা না হোক, ইরান যুদ্ধ শেষের বার্তা ট্রাম্পের

অনলাইন ডেস্ক : সমঝোতা হোক বা না হোক, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, টানা ৩৩তম দিনে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা এবং পাল্টা জবাব অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ৫ দফা শান্তি প্রস্তাব দিয়েছে পাকিস্তান ও চীন। সিএনএনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরাজয় বুঝে সমঝোতার জন্য তৎপরতা চালাচ্ছে ইরান। তবে যুদ্ধ শেষ করতে সমঝোতাকে তিনি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা শেষ হলেই হামলা বন্ধ করবে ওয়াশিংটন। এ ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

এমন অবস্থায় মঙ্গলবার রাতে ইরানের ইসফাহানে একের পর এক বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যায়। হামলা হয়েছে কারাজ ও আশপাশের শিল্পপ্রতিষ্ঠানেও। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ উৎপাদনকারী সংস্থা, ইস্পাত কারখানা এবং বিদ্যুৎকেন্দ্র।

ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দিচ্ছে ইরান। পহেলা এপ্রিল থেকে অ্যাপল, গুগল, মেটাসহ ১৮টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এদিকে, লেবাননেও হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইল। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার অবকাঠামো ধ্বংস করে বাস্তুচ্যুতদের সেখানে ফিরে আসতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

অন্যদিকে, ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও যুদ্ধবিরতিসহ ইসলামাবাদ ও বেইজিংয়ের প্রস্তাবিত পাঁচ দফা শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

Exit mobile version