Home আন্তর্জাতিক ‘সাবধান হয়ে যান, নাহলে দুঃখ আছে‘, ট্রাম্পকে হুঁশিয়ারি চীনের প্রেসিডেন্টের

‘সাবধান হয়ে যান, নাহলে দুঃখ আছে‘, ট্রাম্পকে হুঁশিয়ারি চীনের প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক : গোটা বিশ্ব কার নিয়ন্ত্রণে থাকবে এই নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে চলে ঠাণ্ডা লড়াই। যদিও চীনের প্রেসিডেন্ট শি জিংপিং বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা মুখে প্রকাশ করেন না। তবে এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন শি জিংপিং। তাইওয়ানকে চীন-আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে এই বার্তা দিয়েছেন শি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) শি ট্রাম্পকে তাইওয়ানের এই দ্বীপটিতে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে ‘সাবধান’ হওয়ার বার্তা দিয়েছেন। যদিও শি বলেছেন, তিনি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘বিশেষ গুরুত্ব দেন’। একই সঙ্গে তিনি বলেছেন, বেইজিং-ওয়াশিংটনের মধ্যে থাকা মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অন্যদিকে ট্রাম্পও চীনের প্রেসিডেন্টের সঙ্গে এই কথোপকথনকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তাদের মধ্যে ‘দীর্ঘ ও বিস্তৃত’ আলোচনা হয়েছে।

সূত্রের খবর, আগামী এপ্রিলে ট্রাম্পের চীন সফর করার কথা রয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি ওই সফর নিয়ে আগ্রহী। তিনি আরও বলেন যে বেইজিং ২০ মিলিয়ন টন মার্কিন সয়াবিন কেনার কথা বিবেচনা করছে, যা বর্তমান ১ কোটি ২০ লক্ষ টন থেকে বেশি। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে লিখেছেন, “চীনের সাথে সম্পর্ক এবং রাষ্ট্রপতি শি’র সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, এবং আমরা উভয়েই বুঝতে পারি যে এটিকে এভাবেই ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ।”

আমেরিকা ও চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নভেম্বরে দুই নেতার মধ্যে বাণিজ্য, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, ফেন্টানাইল এবং তাইওয়ান সহ বিভিন্ন বিষয় নিয়ে শেষ কথা হয়েছিল। তাইওয়ান প্রসঙ্গ এবং সয়াবিন ছাড়াও, বুধবারের ফোনালাপে ট্রাম্প এবং শি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল ও গ্যাস ক্রয়ের বিষয়টিও আলোচনা করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছনে মার্কিন প্রেসিডেন্ট।

Exit mobile version