Home আন্তর্জাতিক সাহায্য করতে সাফ ‘না’ ইতালির প্রধানমন্ত্রীর, হতবাক ট্রাম্প

সাহায্য করতে সাফ ‘না’ ইতালির প্রধানমন্ত্রীর, হতবাক ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে হতবাক করেছেন, কারণ তিনি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে চান না। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প পোপ লিওকে নিয়ে তীব্র সমালোচনা করেন। ট্রাম্প জানান, তিনি অনেক দিন ধরে মেলোনির সঙ্গে কথা বলেননি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘মেলোনি ন্যাটোর ব্যাপারে আমাদের সাহায্য করতে চান না, তিনি পারমাণবিক অস্ত্র থেকে মুক্তি পেতেও আমাদের সহায়তা করতে চান না। আমি যেমনটা ভেবেছিলাম, বিষয়টি তার থেকে ভিন্ন।’

ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (মেলোনি) আর আগের মতো নেই, এবং ইতালিও আর আগের মতো দেশ থাকবে না।’ ইতালির অভ্যন্তরীণ ও জ্বালানি নীতি নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। বলেন, ‘আপনারা কি সন্তুষ্ট যে আপনার দেশের নেতা (ইরানের) তেল নেয়ার জন্য কিছুই করছেন না? এটা কি আপনাদের পছন্দ হচ্ছে।’

এর আগে ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইরানের তেল দখল করতে পারেন। তিনি আরও বলেন, ‘আমি এটা কল্পনাও করতে পারি না। আমি তার (মেলোনি) আচরণে হতবাক। আমি ভেবেছিলাম তিনি সাহসী, কিন্তু আমি ভুল ছিলাম।’ ইতালির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, ‘তিনি গ্রহণযোগ্য নন, কারণ তিনি গুরুত্ব দেন না যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে এবং সুযোগ পেলে তা দুই মিনিটে ইতালিকে ধ্বংস করে দিতে পারে।’

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো। দেশটির ডেমোক্রেটিক পার্টির নেত্রী এলি শ্লাইন বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণের বিরুদ্ধে আমরা দৃঢ় নিন্দা জানাই, কারণ প্রধানমন্ত্রী মেলোনি পোপ লিওর প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘এই সংসদে আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু আমরা সবাই ইতালির নাগরিক। আমাদের সরকার ও দেশের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ বা হুমকি আমরা মেনে নেব না।’

সূত্র: আনাদোলু

Exit mobile version