অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তার জন্য দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে ট্রাম্পের এই চাওয়ার তথ্য জানিয়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইউরোপীয় দুই কূটনীতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধ ঘিরে ন্যাটোর ভেতরে উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বুধবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মার্ক রুটে।

কূটনীতিকদের একজন রয়টার্সকে বলেন, ওয়াশিংটনে যে অসন্তোষ ও হতাশা রয়েছে, তা আমরা বুঝি। তবে এই যুদ্ধ শুরুর আগে কিংবা পরে; কোনও সময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের কেউই—এমনকি আমাদের নিজেদের লোকজনও খুব একটা হতাশাজনক নন। চাপ প্রয়োগ না করা হলে ন্যাটো কিছুই বোঝে না।

ইরানের সরকার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি না সে বিষয়টি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে বিবিসি ভেরিফাই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজের সীমিত চলাচল পর্যবেক্ষণ করেছে।

মেরিন ট্র্যাফিকের জাহাজ ট্র্যাকিং এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত ৯টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।

এর মধ্যে দুটি তেল ও রাসায়নিক ট্যাংকারও রয়েছে। বহুজাতিক সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করতো।

সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, এই যুদ্ধ জাহাজের আগের চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এই অঞ্চলে আটকা পড়েছে।

সূত্র: বিবিসি।