অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা সরকারকে দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ প্রশমিত করতে সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
কয়েক দিন আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ও অন্য নিষেধাজ্ঞা জারি করার পর থেকে উত্তেজনা বাড়ছে। কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের প্রতিবাদে জনসমাবেশে লাগাম টানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
জাতিসংঘের মানবাধিকারের মুখপাত্র লিজ থ্রসেল বলেছেন যে, উদ্বেগজনক লক্ষণ হচ্ছে সরকার দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের কারণে ধৈর্য হারাচ্ছে। তিনি বলেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, জ্বালানি ও অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি রোধে জনগণ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
থ্রসেল বলেন, উদ্বেগের বিষয় হলো ভিন্নমত এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে রোধ করতে জরুরি অবস্থা ব্যবহার করা হবে। তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে জনগণকে অভিযোগ প্রকাশ করতে বাধা দেওয়ার জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এর আগে সরকারি নীতির প্রতিবাদের জবাবে সরকারের গৃহীত দমনমূলক ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।






