অনলাইন ডেস্ক : অন্টারিওর নার্সিং ইউনিয়নগুলোর মতে, ক্রমবর্ধমান সংখ্যক নার্স এবং নার্সিং ছাত্ররা দুর্বল বেতন কাঠামো, সহযোগিতার অভাব, কর্মক্ষেত্রে সহিংসতা এবং অনিয়ন্ত্রিত কর্ম ঘন্টার কারণে পেশা ছেড়ে যাচ্ছে। অ্যালগনকুইন কলেজে নিবন্ধিত নার্সিং প্রোগ্রামের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী এমিলি ল্যাগাসে বলেছেন, তার অনেক সহকর্মী এই প্রোগ্রাম থেকে বাদ পড়েছে কারণ তারা চাকরির চাপ সামলাতে পারে না।
এমিলি ল্যাগাসে বলেন, একজন নার্স হিসাবে আপনি জানেন যে মানুষ মারা যাচ্ছে। আমরা অসুস্থ, আহত ব্যক্তিদের পরিচর্যা করছি। অথচ যখনই কোন কিছু ঠিক মত না হয় বা পারস্পরিক ভুল বোঝাবুঝি হয় তখন নার্সদের ওপর পরিবারগুলোকে আক্রমনাত্মক হয়ে পড়তে দেখেছি আমি। তবে ল্যাগাসে এই সমস্ত সমস্যা এবং পেশার মুখোমুখি হওয়া সত্তে¡ও অবসর না হওয়া পর্যন্ত নার্সিংয়ের পেশায় থাকার পরিকল্পনা করেছেন, কারণ তিনি বিশ্বাস করেন যে এটি শেষ পর্যন্ত মূল্যবান।
কানাডিয়ান ফেডারেশন অফ নার্সেস ইউনিয়ন (সিএফএনইউ) এর সা¤প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে ৯৪ শতাংশ নার্স কাজের চাপজনিত সমস্যায় ভুগছেন এবং ৪৫ শতাংশ নার্স গুরুতর অতিরিক্ত কাজের চাপজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা প্রাক-মহামারী থেকে ২৯ শতাংশ বেশি। সিএফএনইউ বলেছে যে, ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে ৩৪ হাজারেরও বেশি নার্সিং শূন্যপদ (নার্স অনুশীলনকারী ব্যতীত) এবং এক লাখ ২৬ হাজার স্বাস্থ্য-সেবা এবং সামাজিক সহায়তা খাতে শূন্যপদ রয়েছে – যা সর্বকালের সর্বোচ্চ এবং গত দুই বছরে ১৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কানাডিয়ান নার্সেস ফাউন্ডেশনের সংগঠক ক্রিস ম্যাকগারভে এবং কানাডিয়ান নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি সিলভাইন ব্রাউসোর মতে, কানাডা পেশায় প্রবেশের প্রথম দুই বছরের মধ্যে এক-তৃতীয়াংশ থেকে দুই-তৃতীয়াংশ সদ্য স্নাতক হওয়া নার্সদের হারায়। ব্রাউসোর বলেন, এর কারণ কাজের সময় নার্সরা আগ্রাসন এবং সহিংসতার সম্মুখীন হয়। তিনি বলেন, নার্সরা তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সমর্থন পায় না। তিনি যোগ করেছেন যে গত ৩০ বছরের সমস্ত গবেষণায় দেখা গেছে যে, যখন আপনার সমর্থনের অভাব থাকে তখন আপনার কোনও কাঠামো থাকে না। আপনাকে নার্সিং কর্মশক্তিকে কার্যকর রাখতে হবে এবং অবিরত নার্সিং শিক্ষাকে সমর্থন করতে হবে, তিনি বলেন।
রেজিস্টার্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ অন্টারিওর (আরএনএও) সভাপতি ড. ক্লাউডেট হলওয়ে বলেন, নার্স এবং স্টুডেন্ট নার্সদের কাজের চাপ অনেক বেশি। হলওয়ে বলেন, মহামারীর সময় অন্টারিওতে ২২ হাজার নার্সের ঘাটতি ছিলো। হলওয়ে আরও বলেছেন, নার্সরা পর্যাপ্ত সমর্থন পাচ্ছে না এবং তারা তাদের ঘন্টার উপর আরও নিয়ন্ত্রণ চায়। তিনি অন্টারিওর বিল ১২৪ কে নার্সদের পেশা ছাড়ার জন্য দায়ী করেছেন।
বিল ১২৪ হল ২০১৯ সালে পাস করা একটি আইন, যা নার্স সহ অন্টারিও পাবলিক সার্ভিস কর্মচারীদের জন্য প্রতি বছর মজুরি বৃদ্ধিকে এক শতাংশে সীমাবদ্ধ করে। হলওয়ে বলেন, নার্সরা প্রাদেশিক সরকারের কাছে এটি বাতিল করার জন্য আবেদন করছে। হলওয়ে বলেন, নার্সরা মানুষ। আমরা রাজনীতিবিদদের নায়ক বলতে দেখেছি। আমরা নায়ক নই। আমরা মানুষ। আমাদের অনুভূতি আছে, আমাদের মূল্যায়ন করা দরকার। সূত্র : সিবিসি নিউজ






